উল্লাপাড়ায় চাঁদাবাজি মামলায় বিএনপি নেতা আজাদসহ গ্রেপ্তার ছয় – Sirajganj Times

উল্লাপাড়ায় চাঁদাবাজি মামলায় বিএনপি নেতা আজাদসহ গ্রেপ্তার ছয়

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাঁদাবাজি ও মারামারির পৃথক দুটি মামলায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৬ জুলাই) রাতে উল্লাপাড়া থানা পুলিশের অভিযানে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেপ্তার অন্যরা হলেন, পৌর শহরের ঝিকিরা এলাকার আব্দুল বারেকের ছেলে মো. আশিক (১৯), ইদ্রিস আলীর ছেলে রবিউল ইসলাম (২০), কেসমত আলীর ছেলে মনতাজ (৫০), ফিকু প্রামাণিকের ছেলে শাহাদাত হোসেন (৩৮) এবং চান উল্লার ছেলে আব্দুল মোমেন (৪৫)।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) সেলিম মোল্লা জানান, থানার ভেতরে বিএনপি নেতা জাহিদুল ইসলাম মিস্টারকে মারধরের ঘটনায় তিনি বাদী হয়ে গত ২৬ জুলাই রাতে আজাদ হোসেনকে প্রধান আসামি করে একটি মামলা করেন। একই দিন আলমগীর হোসেন নামে আরেক ব্যক্তি চাঁদাবাজির অভিযোগে আজাদ হোসেনকে প্রধান আসামি করে পৃথক আরেকটি মামলা দায়ের করেন।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.এম.এম. মনিরুজ্জামান মণ্ডল বলেন, রোববার রাতে পৃথক দুটি মামলায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

সিরাজগঞ্জ টাইমস/সিই