রতনকান্দিতে বিদ্যুৎস্পৃষ্টে পল্লী বিদ্যুতের লাইনম্যানের মৃত্যু – Sirajganj Times

রতনকান্দিতে বিদ্যুৎস্পৃষ্টে পল্লী বিদ্যুতের লাইনম্যানের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু।- প্রতিকী ছবি

সিরাজগঞ্জ সদর উপজেলায় নতুন বিদ্যুৎ মিটার স্থাপনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুতের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টার দিকে রতনকান্দি ইউনিয়নের গোবিন্দপোটল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল বাবু (৩১) উপজেলার খামারগাতী গ্রামের বাবলু মন্ডলের ছেলে। তিনি পল্লী বিদ্যুৎ সমিতির কাজিপুর সাব-জোনাল অফিসে দৈনিক হাজিরাভিত্তিক লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কাজিপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. মাইদুল ইসলাম জানান, সকালে সহকর্মীদের সঙ্গে গোবিন্দপোটল এলাকায় নতুন মিটার স্থাপনের কাজে যান রাসেল। পাশের একটি লাইনে কাজ চলায় সেটি বন্ধ আছে মনে করে খুঁটিতে ওঠেন তিনি। একপর্যায়ে বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটিতে ঝুলে পড়েন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান ডিজিএম।

সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. রাকিবুল হাসান জানান, বিদ্যুতের খুঁটিতে ওঠার পর রাসেলের হাত তারে লেগে তিনি গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা চলছে।

 

সিরাজগঞ্জ টাইমস/সিই