সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এনায়েতপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আশরাফ আলী (৫৮) নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। বুধবার রাতে হামলার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মারা যান তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত আশরাফ আলী বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোপরেখী দরপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।
নিহতের মামা আছির উদ্দিন জানান, বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে দোকান থেকে পান কিনে বাড়ি ফিরছিলেন আশরাফ আলী। এ সময় একদল দুর্বৃত্ত পেছন থেকে তার ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়। পরে স্বজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
আছির উদ্দিন বলেন, তার ভাগনে আশরাফ আলী আওয়ামী লীগের সমর্থক ছিলেন। তবে দলের কোনো পদ-পদবি ছিল না।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসাইন জানান, গত রাতে গোপরেখী দরপাড়া গ্রামে আশরাফ আলী নামে এক ব্যক্তিকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
সিরাজগঞ্জ টাইমস/সিই

