পোশাকশ্রমিকদের আন্দোলনের আড়ালে অর্থ বিনিয়োগ করে অস্থিতিশিল পরিস্থিতি সৃস্টির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নজরদারিতে রয়েছে সিরাজগঞ্জের কাজীপুরের শিল্পোদ্যোক্তা প্রকৌশলী এ কে এম মোশাররফ হোসেনের সঙ্গে সংশ্লিষ্ট স্ট্যান্ডার্ড গ্রুপ। অর্থায়ন ও জনবল দিয়ে আন্দোলন দিয়ে সহায়তার অভিযোগে গ্রুপটির সঙ্গে যুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেনের বিস্তারিত তথ্য চেয়েছে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।
এনবিআর সূত্রে জানা গেছে, স্ট্যান্ডার্ড গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম রয়েছে নজরদারির তালিকায়। এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেনের তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে আপাতত সংশ্লিষ্ট ব্যাংক হিসাব জব্দ করা হয়নি। শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের বিষয়টি বিবেচনায় রেখে লেনদেনের তথ্য চাওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে স্ট্যান্ডার্ড গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড এবং দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড ও সাগর ইনফো বিল্ডার্স লিমিটেড।
এ ছাড়া তালিকায় রয়েছেন ইঞ্জি. মো. আতিকুর রহমান, হোসনে আরা বেগম, প্রকৌশলী মো. আতাউর রহমান, মাহমুদা বেগম, তাসমিয়া রহমান, হাসনাত মোশাররফ, ফারিয়া রহমান, ফাহিম মোশাররফ ও হাসিব মোশাররফসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এর আগে পোশাকশিল্পে সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের পেছনে উসকানি ও অর্থায়নের অভিযোগ নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর বক্তব্যে সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের পাশাপাশি কিছু শিল্পোদ্যোক্তার সংশ্লিষ্টতার অভিযোগের কথাও উঠে আসে।
এদিকে, গত ৩ নভেম্বর এনবিআর চেয়ারম্যান আহসান হাবিব এক অনুষ্ঠানে জানান, বিশেষ কারণে ৩৪ ব্যক্তি ও ৩৪ পরিবারের ব্যাংক হিসাব জব্দের বিষয়ে সিআইসি ও আয়কর গোয়েন্দারা কাজ করছেন।
স্ট্যান্ডার্ড গ্রুপের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে গ্রুপটির বক্তব্য জানা যায়নি। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।
সূত্র: সমকাল, যুগান্তর ও জাগোনিউজ
সিরাজগঞ্জ টাইমস/সিই





