মহাসড়কে মিছিলে অংশ নেয়া ছাত্রলীগ-যুবলীগের আরও ৩ কর্মী গ্রেফতার – Sirajganj Times

মহাসড়কে মিছিলে অংশ নেয়া ছাত্রলীগ-যুবলীগের আরও ৩ কর্মী গ্রেফতার

সিরাজগঞ্জে মহাসড়কে পুলিশের ভ্যানের সামনে নিষিদ্ধ সংগঠন যুবলীগের বিক্ষোভ মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আরও তিন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে ওই মিছিলে অংশ নেওয়া সাতজনকে গ্রেফতার করা হলো।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গভীর রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন, সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে যুবলীগ কর্মী মোহাম্মদ রবিউল ইসলাম (৩১), পৌর এলাকার কোবদাসপাড়া মহল্লার শরিফুল ইসলামের ছেলে যুবলীগ কর্মী মো. আশরাফুল ইসলাম সোহাগ (২৮) এবং রানীগ্রাম মধ্যপাড়া মহল্লার মোহাম্মদ আলমগীর হোসেনের ছেলে ছাত্রলীগ কর্মী মোহাম্মদ সাজু (১৮)।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা বুধবার ভোরে মহাসড়কে অনুষ্ঠিত ওই বিক্ষোভ মিছিলে অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন।

ওসি আরও জানান, গ্রেফতার দুই যুবলীগ কর্মীকে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলায় এবং ছাত্রলীগ কর্মী সাজুকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার (২৮ অক্টোবর) ভোরে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে পুলিশের ভ্যানের সামনে বিক্ষোভ মিছিল করেন যুবলীগের নেতাকর্মীরা। ওই ঘটনায় অভিযান চালিয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি লিটন শেখ, ছাত্রলীগ কর্মী ইউনুস আলী নিশাত ওরফে আগুন শেখ, যুবলীগ কর্মী চান সেখ এবং সয়দাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আরমানকে গ্রেফতার করা হয়।

এদিকে, পুলিশের ভ্যানের সামনে নিষিদ্ধ সংগঠনের বিক্ষোভ মিছিলের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও তিন কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।

 

সিরাজগঞ্জ টাইমস/সিই