যমুনা নদী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার – Sirajganj Times

যমুনা নদী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

 

নিহত জিসান গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সাহেবপাড়া এলাকার আকবার আলীর একমাত্র ছেলে।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের সদস্যরা মরদেহ গ্রহণ করতে এসেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার ঢাকার চার বন্ধু এনায়েতপুরের গোলামের হোটেলে খাবার খেতে আসেন। পরে তাঁরা যমুনা নদীতে গোসল করতে নামেন। এ সময় জিসান পানিতে তলিয়ে যান। বন্ধুরা ও স্থানীয় জেলেরা তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন।

খবর পেয়ে এনায়েতপুর থানা পুলিশ ও বেলকুচি ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। দিনভর চেষ্টা চালানোর পর সোমবার সকালে রাজশাহী থেকে আসা ডুবুরি দলের সহায়তায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের চাচা জাহিদ আহমেদ শিমুল জানান, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে এসেছেন মরদেহ গ্রহণ করতে।

বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে এমন মর্মান্তিক ঘটনায় জিসানের স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে, ঘটনার পর রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু।