বেলকুচিতে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার – Sirajganj Times

বেলকুচিতে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার।-ছবি: র‌্যাব-১২

সিরাজগঞ্জের বেলকুচিতে সংঘবদ্ধ অনলাইন জুয়া চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে উপজেলার আদাচাকী গ্রামের নাবিল টেলিকম মোবাইলের দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, আদাচাকী গ্রামের মেনাজুল ইসলাম (২৪), বনি আমিন (২০) ও নিশাত রেজা (২৭)। এ সময় জুয়ার সাইটে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ৮৮৫ টাকা জব্দ করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে একাধিক এমএফএস অ্যাকাউন্ট ব্যবহার করে অনলাইন বেটিং ও জুয়ার সাইটে ডিজিটাল অর্থ লেনদেনের কথা স্বীকার করেছেন। জুয়ার সাইটে অর্থের প্রয়োজন হলে তারা বিকাশ, নগদসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে অর্থ সরবরাহ করতেন বলেও জানা গেছে।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে বেলকুচি থানায় ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।

সিরাজগঞ্জ টাইমস/সিই