মহাসড়কে যুবলীগের মিছিলের পরদিন গ্রেফতার চার নেতাকর্মী – Sirajganj Times

মহাসড়কে যুবলীগের মিছিলের পরদিন গ্রেফতার চার নেতাকর্মী

সিরাজগঞ্জে আ’লীগের চার নেতাকর্মী গ্রেফতার

সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ থানা পুলিশের পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও যুবলীগের চার নেতাকর্মীকে গ্রেফতার হয়েছে।

তাঁদের মধ্যে তিনজনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা মামলা এবং একজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে তাঁদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও সিরাজগঞ্জ পৌর এলাকার জানপুর মহল্লার মৃত আব্দুল আজিজের ছেলে মো. লিটন শেখ (৪৫), দত্তবাড়ি মহল্লার মৃত সাইদুল ইসলামের ছেলে ছাত্রলীগ কর্মী ইউনুস আলী নিশাত ওরফে আগুন শেখ (৩৮), চক কোবদাসপাড়া মহল্লার মৃত শওকত আলী শেখের ছেলে যুবলীগ কর্মী চান সেখ (৪৫) এবং সয়দাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও মুলিবাড়ী গ্রামের কোরবান আলীর ছেলে মো. আরমান (৩৩)।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান জানান, বুধবার (২৮ অক্টোবর) রাতে পৌর এলাকার বিভিন্ন মহল্লায় অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার বিকেলে তাঁদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা মামলায় আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কামারখন্দ থানার ওসি মো. হাসেম আলী বলেন, বুধবার ভোরে মহাসড়কে যুবলীগের নেতাকর্মীরা মিছিল করেন। ওই দিন রাতে অভিযান চালিয়ে মিছিলে নেতৃত্ব দেওয়া যুবলীগ নেতা আরমানকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাঁকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

সিরাজগঞ্জ টাইমস/সিই