সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। বুধবার (৭ অক্টোবর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাতে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, সদর উপজেলার ব্রাহ্মণবয়রা গ্রামের মৃত মহির উদ্দিন শেখের ছেলে ও স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. আব্দুর রহমান (৫৮), পাঁচিল গ্রামের মৃত সিরাজ মণ্ডলের ছেলে আওয়ামী লীগ নেতা মো. আতিকুর রহমান (৪৫) এবং দত্তবাড়ী গ্রামের আলাউদ্দিনের ছেলে স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. তুহিন মালেক (৩০)।
সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের তিন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
সিরাজগঞ্জ টাইমস/সিই