ছোট একটি মোবাইল মেরামতের দোকান থেকে শুরু। এরপর অনলাইন জুয়ার ব্যবসায় যুক্ত হওয়ার অভিযোগ। কয়েক বছরের ব্যবধানে বাড়ি, ফ্ল্যাট, গাড়ি ও একাধিক ব্যাবসার মালিক হয়েছেন সিরাজগঞ্জের চৌহালীর জসিম মাহমুদ ওরফে জুয়া জসিম। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে যুক্ত থাকলেও তাঁর বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। রাজনৈতিক যোগাযোগ ও প্রভাব খাটিয়ে পরপর তিন সরকারের আমলেও বহাল তবিয়তে ব্যাবসা চালিয়ে যাচ্ছেন জুয়া সিন্ডিকেটের মূল হোতা জসিম।
আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল জসিমের। সরকার পরিবর্তনের পর কিছুদিন আড়ালে থাকলেও আবারও তিনি সক্রিয় হন বলে অভিযোগ রয়েছে। বর্তমানে অনলাইন জুয়ার বিরুদ্ধে আইন ও অভিযান থাকলেও জসিমের কার্যক্রম বন্ধ হয়নি এতটুকুও।
অভিযোগের পরও কেন ব্যবস্থা নেই?
চৌহালীর স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, জসিমের অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি এলাকায় দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে। তাঁর সহযোগী হিসেবে পরিচিত কয়েকজনের মাধ্যমে বিভিন্ন এলাকায় জুয়ার টাকা লেনদেন হতো বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয়দের প্রশ্ন, এতদিন ধরে এসব অভিযোগ থাকলেও জসিমের বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁর ব্যাবসার সঙ্গে কারা জড়িত, কোথা থেকে টাকা আসে এবং কোথায় যায়? এসব বিষয় কি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এসেছে?
রাজনৈতিক যোগাযোগ কি রক্ষা করছে জসিমকে?
অনুসন্ধানে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময় স্থানীয় ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল জসিমের। দলীয় মিছিল-মিটিং ও সভা-সমাবেশেও দেখা যেত তাঁকে। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক পরিচিতি কাজে লাগিয়ে অনলাইন জুয়ার ব্যাবসা চালাতে সুবিধা পেয়েছেন তিনি। সরকার পতনের পর কিছুদিন আড়ালে থাকলেও পরে আবার ব্যবসায় সক্রিয় হন।
জসিমের সহযোগী হিসেবে পরিচিত কয়েকজনের দাবি, জুয়ার ব্যাবসা নির্বিঘ্ন রাখতে প্রশাসনের কিছু ব্যক্তিকেও আর্থিক সুবিধা দেওয়া হতো। তবে কাদের কী পরিমাণ অর্থ দেওয়া হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট তথ্য বা নথি পাওয়া যায়নি।
আইন আছে, অভিযানও চলছে
দেশে অনলাইন জুয়া বন্ধে ২০২৬ সালের ১ জুলাই কার্যকর হয়েছে জুয়া প্রতিরোধ আইন। এই আইনে অনলাইন জুয়া পরিচালনা, এতে অর্থ লেনদেন এবং সংশ্লিষ্ট কার্যক্রমকে অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। অনলাইন জুয়ার অপরাধে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড বা এক কোটি টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে। অনলাইন বেটিংয়ের ক্ষেত্রে সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড বা পাঁচ কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। তাহলে আইন থাকার পরও জসিমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? প্রশ্ন স্থানীয়দের।
অনলাইন জুয়ার নেটওয়ার্ক শনাক্ত করা কঠিন কেন?
প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন জুয়ার ব্যাবসা শুধু একটি ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে চলে না। এর সঙ্গে যুক্ত থাকে বিভিন্ন মোবাইল ব্যাংকিং হিসাব, এজেন্ট নম্বর, ব্যাংক হিসাব এবং একাধিক ব্যক্তি। তদন্তসংশ্লিষ্টদের বরাতে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে, জুয়ার চক্রগুলো অনেক সময় নতুন ওয়েবসাইট ও অ্যাপ ব্যবহার করে। আবার লেনদেনের জন্য পরিবর্তন করে মোবাইল ব্যাংকিংয়ের নম্বর ও হিসাব। ফলে একটি ওয়েবসাইট বন্ধ হলেও পুরো নেটওয়ার্ক বন্ধ করা কঠিন হয়ে পড়ে। এ কারণে শুধু জুয়ার ওয়েবসাইট বন্ধ করলেই হয় না। এর সঙ্গে জড়িত এজেন্ট, অর্থ লেনদেনের হিসাব এবং মূল পরিচালনাকারীদেরও শনাক্ত করতে হয়।
যা বলছেন অভিযুক্ত জুয়া জসিম
এর আগে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি নিজেই স্বীকার করেছিলেন জসিম মাহমুদ। তিনি জানিয়েছিলেন, অতীতে অনলাইন জুয়ার সঙ্গে যুক্ত ছিলেন। তবে বর্তমানে এ ব্যবসায় নেই বলে দাবি করেন। তাঁর ভাষ্য, বর্তমানে আমদানি করা পণ্যের ব্যাবসা থেকেই আয় করেন তিনি।
প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
জসিমের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের প্রশ্ন, একজন ব্যক্তি দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আলোচনায় থাকলেও তাঁর কার্যক্রম কেন খতিয়ে দেখা হচ্ছে না? অভিযোগের সত্যতা পাওয়া গেলে শুধু জসিম নয়, তাঁর সঙ্গে যুক্ত সহযোগী, অর্থ লেনদেনকারী এবং অন্য সুবিধাভোগীদেরও আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের।
সিরাজগঞ্জ টাইমস/সিই



