সিরাজগঞ্জের সলঙ্গায় ২৫ লাখ টাকা মূল্যের ২৫৫ গ্রাম হেরোইনসহ মো. শাহিনুর (৩২) নামে এক মাদক সরবরাহকারীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২)। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন এসআরবি-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার তাবরীজ তাজওয়ার শরীফ।
এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে এসআরবি-১২-এর সদর কোম্পানির একটি দল সলঙ্গা থানার সাতটিকরী তালতলা এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে।
গ্রেফতার শাহিনুর জয়পুরহাটের কালাই থানার দাউদিয়া আশুরাই গ্রামের মো. আব্দুল হান্নানের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জিজ্ঞাসাবাদে শাহিনুর দীর্ঘদিন ধরে রাজশাহীর সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ ও পরিবহনের কথা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের পর তাঁকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
সিরাজগঞ্জ টাইমস/সিই







