সিরাজগঞ্জে ভুয়া এনএসআই কর্মকর্তা গ্রেফতার – Sirajganj Times

সিরাজগঞ্জে ভুয়া এনএসআই কর্মকর্তা গ্রেফতার

প্রতারক নূরজ্জামান নূর আবু সালেহ।- ছবি: পুলিশ

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে নূরজ্জামান নূর আবু সালেহ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এনএসআই ও সদর থানা পুলিশের যৌথ দল। শুক্রবার (৩০ অক্টোবর) সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে ভর্তি থাকা অবস্থায় তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নূরজ্জামান নূর আবু সালেহ উল্লাপাড়া উপজেলার শ্রীকোলা গ্রামের মো. সামাদ সরকারের ছেলে। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।

ওসি জানান, ২০১৬ সালে নূর আবু সালেহ ‘Md. Jakirul Islam (Rahul)’ নামে এনএসআইয়ের একটি ভুয়া পরিচয়পত্র তৈরি করেন। পরে সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে এনএসআই কর্মকর্তা পরিচয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এবং বিভিন্ন দোকান থেকে অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি এসব কর্মকাণ্ডের কথা স্বীকার করেছেন। পরে তাঁকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

 

সিরাজগঞ্জ টাইমস/সিই