সিরাজগঞ্জের রায়গঞ্জের সাংবাদিক আশরাফ আলীকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাদ মাগরিব জানাজা শেষে তাঁকে নিশ্চিতপুর কবরস্থানে দাফন করা হয়।
এর আগে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর। দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন এই সাংবাদিক।
আশরাফ আলী দৈনিক আমাদের সময় পত্রিকার রায়গঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি রায়গঞ্জ প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদকও ছিলেন। সাংবাদিকতা জীবনে এলাকার বিভিন্ন সমস্যা, জনদুর্ভোগ ও স্থানীয় নানা ঘটনা সংবাদমাধ্যমে তুলে ধরেছেন তিনি।
তাঁর মৃত্যুতে রায়গঞ্জের সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সিরাজগঞ্জ টাইমস/সিই