সড়কে পড়ে যাওয়া মাছ তুলতে গিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকচাপায় আবু বক্কর (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার নিমগাছী মৎস্য আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু বক্কর তাড়াশ উপজেলার আড়ংগাইল গ্রামের মহির উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নিমগাছী বাজারে মাছের ব্যবসা করতেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সকালে নিমগাছী মৎস্য আড়ত থেকে মাছ কিনে বাজারে বিক্রির উদ্দেশ্যে ফিরছিলেন আবু বক্কর। এ সময় তার বহন করা একটি পাঙাশ মাছ সড়কে পড়ে যায়। মাছটি তুলতে তিনি সড়কে নামলে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যান।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, নিহতের স্বজনরা মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে গেছেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ট্রাকচালককে গ্রেফতারের চেষ্টা চলছে।
সিরাজগঞ্জ টাইমস/সিই









