সিরাজগঞ্জের রাজনীতির মাঠে হঠাৎ উত্তাপ! – Sirajganj Times

সিরাজগঞ্জের রাজনীতির মাঠে হঠাৎ উত্তাপ!

সিরাজগঞ্জের রাজনীতির মাঠে হঠাৎ উত্তাপ।- সিরাজগঞ্জ টাইমস

বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার; আওয়ামী লীগ কার্যালয়ে আগুন

সিরাজগঞ্জে একদিনে একাধিক ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক পরিস্থিতি। মঙ্গলবার (১৭ নভেম্বর) গভীর রাতে জেলা বিএনপির কার্যালয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানার টানানোর ঘটনা ঘটেছে। একই দিন বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং রাতে সাবেক সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

বিএনপি কার্যালয়ে ব্যানার টানানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিকেলে আওয়ামী লীগ কার্যালয়ে হামলা, ভাঙচুর ও আগুনের ঘটনা ঘটে। এ ছাড়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম রুবেলের বাড়ি এবং সাবেক সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্নার বাড়িতে অগ্নিসংযোগের ভিডিও ছড়িয়ে পড়ে। এসব ঘটনায় শহরের রাজনৈতিক পরিস্থিতি প্রভাব ফেলেছে।

বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার

বুধবার (১৮ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানার টানানোর একটি ভিডিও। ভিডিওতে রাতের আঁধারে দুই ব্যক্তিকে শহরের ইবি রোডে জেলা বিএনপির কার্যালয়ে ব্যানার টাঙাতে দেখা যায়। রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ব্যানারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়। পরে সিরাজগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলামিন সরকার হিমেল তার ফেসবুক আইডিতে ভিডিওটি পোস্ট করেন। সেখান থেকে ভিডিওটি ছড়িয়ে পড়ে।

ঘটনাটিকে ‘চোরের কারবার’ বলে মন্তব্য করেছে জেলা বিএনপি। দলটির নেতারা বলছেন, গভীর রাতে কার্যালয়ে ব্যানার লাগিয়ে ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার ঘটনা রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, রাত ৮টা পর্যন্ত তারা দলীয় কার্যালয়ে সাংগঠনিক কাজ করেছেন। পরে সবাই বাসায় চলে যান। কার্যালয় দেখাশোনার জন্য একজন পিয়ন থাকলেও রাতে তিনি ঘুমিয়ে ছিলেন। এ সুযোগে কেউ চোরের মতো এসে ব্যানার টানিয়ে ভিডিও করেছে।

তিনি বলেন, রাত সাড়ে ৩টার সময় মানুষ ঘুমায়। এ সময় ব্যানার টানিয়ে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলেই সেটি রাজনীতি হয় না। রাজনীতি করতে হলে মাঠে করতে হবে। ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন। এ ঘটনায় বিএনপি চিন্তিত বা বিচলিত নয়। এটি রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কাজ।

আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ

এদিকে বুধবার বিকেলে শহরের এসএস রোডে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনতা কার্যালয়ে ঢুকে ভাঙচুরের পর আগুন দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষুব্ধদের সরিয়ে দেয়।

একই দিন জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম রুবেলের বাড়িতে আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

সন্ধ্যার দিকে সাবেক সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্নার বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুন দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ঘটনার জন্য আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপিকে দায়ী করছেন। তবে এসব অভিযোগের পক্ষে নিরপেক্ষভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বিএনপির অস্বীকার, পুলিশের বক্তব্য

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, বিএনপির কার্যালয়ে রাতের আঁধারে ব্যানার লাগানোর ভিডিও তারা দেখেছেন। তবে আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুরের বিষয়টি তাদের জানা নেই। বিএনপি এ ধরনের কর্মকাণ্ডে বিশ্বাসী নয়।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের কারণে সারাদেশের মতো সিরাজগঞ্জের মানুষও বিক্ষুব্ধ। যারা ২০২৪ সালের আগস্টে স্বৈরাচার বিদায় করেছিল, সেই ছাত্র-জনতাই আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর করেছে। এর সঙ্গে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেন তিনি।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর করতে এসেছিল বিক্ষুব্ধ জনতা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের নিবৃত্ত করেছে।

 

সিরাজগঞ্জ টাইমস/সিই