সিরাজগঞ্জের বেলকুচিতে ১০ হাজার ৪৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব উপকরণ বিতরণ করা হচ্ছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান।
এ সময় সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম বলেন, কৃষির ওপর নির্ভর করে দেশের সমৃদ্ধি। বিএনপি সরকার কৃষিকে প্রাধান্য দেয় সব সমউ। কৃষকদের উৎপাদন খরচ কমানো ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে প্রতি বছরের মতো এবারও রবি মৌসুমে বিনামূল্যে বীজ ও সার দেওয়া হচ্ছে। সরকারি এ প্রণোদনা থেকে যেন কোনো প্রকৃত কৃষক বঞ্চিত না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নূরুল ইসলাম গোলাম, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামাণিকসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
কৃষি উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তায় এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
সিরাজগঞ্জ টাইমস/সিই



