আন্দোলনের আড়ালে নাশকতার উদ্দেশ্যে পোশাকশ্রমিকদের আন্দোলনে অর্থায়ন ও জনবল দিয়ে সহায়তার অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নজরদারিতে এসেছে সিরাজগঞ্জের বেলকুচির সাবেক সংসদ সদস্য আবদুল মোমিন মন্ডলের মালিকানাধীন মন্ডল গ্রুপ। গ্রুপটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেনের বিস্তারিত তথ্য চেয়েছে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।
এনবিআর সূত্রে জানা গেছে, মন্ডল গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট ৪৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম রয়েছে নজরদারির তালিকায়। এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেনের তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে আপাতত সংশ্লিষ্ট ব্যাংক হিসাব জব্দ না করে লেনদেনের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের বিষয়টি বিবেচনায় রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
নজরদারির তালিকায় মন্ডল গ্রুপের একাধিক প্রতিষ্ঠানের নাম রয়েছে। এর মধ্যে রয়েছে মন্ডল ইন্টিমেটস লিমিটেড, কটন ফিল্ড (বিডি) লিমিটেড, কটন ক্লাব (বিডি) লিমিটেড, কটন ক্লোদিং (বিডি) লিমিটেড, মন্ডল ফেব্রিকস লিমিটেড, ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড, মার্ক সোয়েটার লিমিটেড, মন্ডল স্পিনিং মিলস লিমিটেড, মন্ডল ফার্মিং অ্যান্ড ফুড প্রসেসিং লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
এ ছাড়া গ্রুপটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির নামও তালিকায় রয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন গ্রুপের চেয়াম্যান আবদুল মোমিন মন্ডল, আবদুল আলিম মন্ডল, তারিন তাসলিমা, মো. জুবায়ের মন্ডল, মোসাম্মৎ সুলতানা খাতুন, মাহমুদুল হাসানসহ আরও অনেকে।
এর আগে পোশাকশিল্পে সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের পেছনে উসকানি ও অর্থায়নের অভিযোগ নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর বক্তব্যে সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের পাশাপাশি কিছু শিল্পোদ্যোক্তার সংশ্লিষ্টতার অভিযোগের কথাও উঠে আসে।
এদিকে, গত ৩ নভেম্বর এনবিআর চেয়ারম্যান আহসান হাবিব এক অনুষ্ঠানে জানান, বিশেষ কারণে ৩৪ ব্যক্তি ও ৩৪ পরিবারের ব্যাংক হিসাব জব্দের বিষয়ে সিআইসি ও আয়কর গোয়েন্দারা কাজ করছেন।
তবে মন্ডল গ্রুপের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে গ্রুপটির বক্তব্য জানা যায়নি। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।
সূত্র: সমকাল, যুগান্তর ও জাগোনিউজ
সিরাজগঞ্জ টাইমস/সিই





