মহাসড়কে যুবলীগের মিছিল : চার পুলিশ ক্লোজড – Sirajganj Times

মহাসড়কে যুবলীগের মিছিল : চার পুলিশ ক্লোজড

সিরাজগঞ্জে মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে যমুনা সেতু পশ্চিম থানার চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। তাঁদের মধ্যে একজন সহকারী উপপরিদর্শক (এএসআই), দুজন কনস্টেবল ও একজন পিকআপচালক রয়েছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে পুলিশ বিভাগের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র বলছে, ক্লোজড হওয়া চারজন হলেন এএসআই আরিফুর রহমান, কনস্টেবল নাসিমুজ্জামান, মোরশেদুল ইসলাম ও পিকআপচালক আব্দুল গফুর।

এর আগে, বুধবার (২৮ অক্টোবর) ভোরে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কে টহল পুলিশের গাড়ির সামনে ঝটিকা মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা। মিছিলটির ১ মিনিট ৪৪ সেকেন্ডের একটি ভিডিও বুধবার দুপুর ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, মিছিলের সামনের কয়েকজন একরামুল হক নামে এক যুবলীগ নেতার ব্যানার ধরে আছেন। মিছিলে অন্তত ৩৫ থেকে ৪০ জন অংশ নেন। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেন।

ভিডিওতে আরও দেখা যায়, পুলিশের একটি টহল গাড়ি মিছিলের দিকে এগিয়ে আসে। তবে মিছিলকারীদের হুংকারের মধ্যে তাঁদের অতিক্রম করে গাড়িটি চলে যায়। এ ঘটনায় পুলিশের দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন ওঠে।

এদিকে, মিছিলের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও যুবলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি লিটন শেখ (৪৫), ছাত্রলীগ কর্মী ইউনুস আলী নিশাত ওরফে আগুন শেখ (৩৮), যুবলীগ কর্মী চান শেখ (৪৫) এবং সয়দাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আরমান (৩৩)।

বৃহস্পতিবার দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসান ও কামারখন্দ থানার ওসি হাসেম আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সিরাজগঞ্জ টাইমস/সিই