শিক্ষকদের বিরোধে পাঠদান ক্ষতিগ্রস্ত, সবাইকে বদলির দাবি – Sirajganj Times

শিক্ষকদের বিরোধে পাঠদান ক্ষতিগ্রস্ত, সবাইকে বদলির দাবি

সিরাজগঞ্জ সদর উপজেলার গুপিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বিরোধে ব্যাহত হচ্ছে পাঠদান। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা। বিদ্যালয়ে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে প্রধান শিক্ষকসহ সব শিক্ষককে অন্যত্র বদলির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও অবিভাবকরা। এই দাবিতে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদনও করেছেন তারা।

গেল ৫ নভেম্বর জেলা প্রশাসক বরাবর দেওয়া ওই আবেদনে গ্রামবাসীর পক্ষে স্বাক্ষর করেন মো. মিজানুর রহমান। আবেদনে বলা হয়, শিক্ষকদের মধ্যে দীর্ঘদিনের বিরোধের কারণে বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে। আবেদনে উল্লেখ করা হয়, ৪ আগস্ট বিদ্যালয়ের প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর বমি করাকে কেন্দ্র করে প্রধান শিক্ষক মো. খুরশিদ জিন্নাহর সঙ্গে সহকারী শিক্ষক শামীমা জাহানের বিরোধ শুরু হয়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের মধ্যে দূরত্ব আরও বাড়ে। একপর্যায়ে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেন। বিষয়টি নিয়ে প্রশাসনিক পর্যায়ে তদন্তও হয়।

গ্রামবাসীর অভিযোগ, শিক্ষকদের এই বিরোধের প্রভাব পড়ছে শিক্ষার্থীদের ওপর। নিজেদের মধ্যে বিরোধে জড়িয়ে পড়ায় বিদ্যালয়ে স্বাভাবিকভাবে পাঠদান হচ্ছে না। এতে পড়াশোনায় পিছিয়ে পড়ছে শিশুরা। নষ্ট হচ্ছে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ।

আবেদনে বলা হয়, শিক্ষকদের মধ্যে বিরোধ চলতে থাকলে বিদ্যালয়ের পড়াশোনার মান ভালো রাখা কঠিন। তাই শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের অন্যত্র বদলি করে নতুন শিক্ষক পদায়নের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এর আগে, প্রধান শিক্ষক খুরশিদ জিন্নাহর বিরুদ্ধে অশালীন আচরণ, কুপ্রস্তাব ও মানসিকভাবে হয়রানির অভিযোগ করেন পাঁচ সহকারী শিক্ষিকা। এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত অভিযোগ দেন তারা। অন্যদিকে, পাঁচ সহকারী শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাক্ষর জাল করে অভিযোগ দেওয়ার পাল্টা অভিযোগ তোলেন প্রধান শিক্ষক। এ বিষয়ে গত ১৭ অক্টোবর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত আবেদন করেন তিনি।

প্রধান শিক্ষকের দাবি, তদন্তে স্বাক্ষর জাল করার বিষয়টি প্রমাণিত হলেও সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অন্যদিকে, সহকারী শিক্ষিকাদের অভিযোগের পর সহকারী শিক্ষক শামীমা জাহানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

দুই পক্ষের এমন পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে বিদ্যালয়ের পড়াশোনার পরিবেশ নিয়ে উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা। দ্রুত প্রশাসনিক উদ্যোগ নিয়ে বিদ্যালয়ে স্বাভাবিক পাঠদান নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাহাব উদ্দিন বলেন, বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার কাজ চলমান রয়েছে। সামনে জেলা পর্যায়ের সভায় বিষয়টি নিয়ে আলোচনা হবে। জেলা প্রশাসকও বিষয়টি জানেন। বিদ্যালয়টিকে আবার স্বাভাবিক ও পড়াশোনার উপযোগী পরিবেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

 

সিরাজগঞ্জ টাইমস/সিই