সিরাজগঞ্জের রায়গঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে তরিকুল ইসলাম হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে আব্দুল মজিদ ইতোমধ্যে মারা গেছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্তরা হলেন, রায়গঞ্জ উপজেলার গ্রামপাঙ্গাসী গ্রামের আমজাদ হোসেনের ছেলে আব্দুল মান্নান, তাঁর ভাই রায়গঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হীরা মিয়া, সলঙ্গা থানার বোয়ালিয়ার চর এলাকার মাজেম আলীর ছেলে রফিকুল ইসলাম এবং জেছারত আলীর ছেলে আব্দুল মজিদ।
মামলার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামচুজ্জোহা শাহানশাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলায় মোট ১৪ জন আসামি ছিলেন। তাঁদের মধ্যে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর ১০ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে আব্দুল মজিদ ইতোমধ্যে মারা গেছেন।
মামলার অভিযোগপত্র সূত্রে জানা যায়, রায়গঞ্জ উপজেলার গ্রামপাঙ্গাসী গ্রামের সাখাওয়াত হোসেনের পরিবারের সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে ২০০৯ সালের ৩০ আগস্ট আসামিরা সাখাওয়াত হোসেনের ছেলে তরিকুল ইসলামকে পিটিয়ে হত্যা করেন বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় নিহতের ভাই আব্দুল মন্নাফ বাদী হয়ে ১৪ জনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে ২০১০ সালের ৬ জানুয়ারি ১৪ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া এবং সাক্ষ্য-প্রমাণ শেষে বৃহস্পতিবার আদালত চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একইসঙ্গে অপর ১০ আসামিকে খালাস দেওয়া হয়। আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মো. ফেরদৌস ওয়াহেদ (সুমন)।
সিরাজগঞ্জ টাইমস/সিই