নলকায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই – Sirajganj Times

নলকায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই

নলকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ।- ছবি: সিরাজগঞ্জ টাইমস

সিরাজগঞ্জের নলকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় যাত্রীবাহী বাসে থাকা অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত সোয়া ১২টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা এলাকার নলকা ব্রিজের প্রায় ২০ গজ পূর্ব পাশে ঢাকাগামী সার্ভিস লেনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রংপুর থেকে চট্টগ্রামগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নলকা ফ্লাইওভার থেকে নেমে সার্ভিস লেন দিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। একই সময়ে সিরাজগঞ্জ শহরের দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক ঢাকাগামী সার্ভিস লেন দিয়ে নলকা ফ্লাইওভারের দিকে যাচ্ছিল।

ফ্লাইওভারের পূর্ব পাশে সার্ভিস লেনে পৌঁছালে বাস ও ট্রাকটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকে থাকা দুইজন ঘটনাস্থলেই নিহত হন। এ সময় বাসে থাকা অন্তত ১০ যাত্রী গুরুতর আহত হন।

খবর পেয়ে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহায়তায় নিহতদের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

যমুনা সেতু পশ্চিম থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মোস্তাক বলেন, রাত সোয়া ১২টার দিকে নলকা এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। তাদের মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনো নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।