সিরাজগঞ্জের এনায়েতপুরে র্যাব-১২’র অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে এনায়েতপুর থানার বারুপুর গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের সামনের সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, রাজশাহীর পবা উপজেলার বড়গাছি কারিগরপাড়া গ্রামের মৃত ইবরাহীমের ছেলে মো. রবিউল ইসলাম (৪৬), ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মাদলা গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে জয়দল (৫৫), রাজশাহীর পবা উপজেলার বড়গাছি কারিগরপাড়া গ্রামের মৃত বয়েনউদ্দীনের ছেলে ইদ্রিস আলী (৫০) এবং সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলার গোপালপুর গ্রামের মৃত মিয়াউল্লাহ ব্যাপারীর ছেলে মো. আসলাম ব্যাপারী (২৬)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন।
র্যাব-১২ জানায়, এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় এনায়েতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সিরাজগঞ্জ টাইমস/সিই



