সিরাজগঞ্জের এনায়েতপুরে মাদ্রাসা ছাত্র হাফেজ সিয়াম হোসেন হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা ও কলেজ প্রভাষক রাশেদুল ইসলাম ভূঁইয়া (৪২) কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২রা জানুয়ারি) দুপুরে এনায়েতপুর উপজেলার গোপিনাথপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রাশেদুল ইসলাম ভূঁইয়া ওই গ্রামের পল্লীচিকিৎসক রফিকুল ইসলাম ভূঁইয়ার বড় ছেলে। গ্রেফতার রাশেদুল ইসলাম ভূঁইয়া এনায়েতপুর থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং খামারগ্রাম ডিগ্রি কলেজের প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এনায়েতপুর থানা সদরে মাদ্রাসা ছাত্র হাফেজ সিয়াম হোসেন নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ২১শে আগস্ট এনায়েতপুর থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হযরত আলী মোল্লা বাদী হয়ে ৮৯ জনের নাম উল্লেখসহ ৫০০ থেকে ৭০০ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।











