পরিবেশ দুষণের দায়ে যমুনা টেক্সটাইলকে জরিমানা – Sirajganj Times

পরিবেশ দুষণের দায়ে যমুনা টেক্সটাইলকে জরিমানা

শাহজাদপুরে যমুনা টেক্সটাইলকে জরিমানা। - ছবি: সিরাজগঞ্জ টাইমস

সিরাজগঞ্জের শাহজাদপুরে ইটিপির (বর্জ্য পরিশোধনাগার) সক্ষমতার তুলনায় বেশি তরল বর্জ্য উৎপাদন এবং অপরিশোধিত বর্জ্য পরিবেশে নির্গমনের দায়ে যমুনা টেক্সটাইল লিমিটেডকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানাটির তরল বর্জ্য নির্গমনে ব্যবহৃত বাইপাস লাইনটি অপসারণ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত উপজেলার মশিপুর এলাকায় কারখানাটিতে অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ফরিদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কারখানাটিতে স্থাপিত ইটিপির সক্ষমতা উৎপাদিত তরল বর্জ্যের তুলনায় কম। ফলে যথাযথভাবে পরিশোধন না করেই তরল বর্জ্য পরিবেশে নির্গমনের অভিযোগ পাওয়া যায়। এ অপরাধে কারখানা কর্তৃপক্ষকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে তরল বর্জ্য নির্গমনের জন্য ব্যবহৃত বাইপাস লাইনটি অপসারণ করা হয়। পাশাপাশি আগামী চার মাসের মধ্যে ইটিপির সক্ষমতা বাড়ানো, প্রয়োজনীয় সংস্কার এবং কার্যকরভাবে পরিচালনার বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে ইটিপি সংস্কার ও কার্যকর করতে ব্যর্থ হলে কারখানাটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. শাহিন আলমসহ শাহজাদপুর থানার একদল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

 

সিরাজগঞ্জ টাইমস/সিই