তাড়াশে শিলের আঘাতে গৃহবধূকে হত্যা, পলাতক স্বামী – Sirajganj Times

তাড়াশে শিলের আঘাতে গৃহবধূকে হত্যা, পলাতক স্বামী

তানিয়া খাতুন (২৪) ও তার স্বামী মো. শাহপরান।- ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশে মসলা পেষার শিল দিয়ে মাথায় আঘাত করে তানিয়া খাতুন (২৪) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৭ জুলাই) রাতে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের বিষমডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে তার স্বামী মো. শাহপরান পলাতক রয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত তানিয়া খাতুন বিষমডাঙ্গা গ্রামের সোহরাব আলী শেখের মেয়ে। তার স্বামী শাহপরানের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার সকালে তানিয়ার কক্ষের ভেতরে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনরা পুলিশে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহতের বড় ভাই আল আমিন জানান, বিদেশে থাকা অবস্থায় শাহপরানের সঙ্গে তানিয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় পাঁচ বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর শাহপরান শ্বশুরবাড়িতেই ঘরজামাই হিসেবে বসবাস করতেন এবং তার সঙ্গে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন। তিনি অভিযোগ করেন, সকালে ঘরে গিয়ে তারা তানিয়ার মুখ ও হাত বাঁধা অবস্থায় মরদেহ দেখতে পান। মাথায় আঘাতের চিহ্নও ছিল।

তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে শিল দিয়ে মাথায় আঘাত করে তানিয়াকে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে তার স্বামী শাহপরান পলাতক রয়েছেন।

তিনি আরও জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতের স্বজনরা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

 

সিরাজগঞ্জ টাইমস/এএইচএস/সিই/