বেলকুচিতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা-হেরোইনসহ তিনজন গ্রেফতার – Sirajganj Times

বেলকুচিতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা-হেরোইনসহ তিনজন গ্রেফতার

মাদকবিরোধী অভিযানে তিনজন সহ ওয়ারেন্টভুক্ত একজন গ্রেফতার। - প্রতিবেদক

সিরাজগঞ্জের বেলকুচিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১২ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইনসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। একই দিনে পৃথক অভিযানে একটি মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকেও গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে বেলকুচি থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, কামারখন্দ উপজেলার কাজীপুরা গ্রামের মৃত গাজী মোল্লার ছেলে বাবু ওরফে কালা বাবু (৫৫), বেলকুচি উপজেলার মুকন্দগাঁতী পশ্চিমপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে দ্বীপ আহম্মেদ (২৯) এবং এনায়েতপুর থানার খোকসাবাড়ী গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে মমিন (৫৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে ভাঙ্গাবাড়ী ইউনিয়নের ক্ষিদ্র জোকনলা এলাকা থেকে বাবু ওরফে কালা বাবুর কাছ থেকে ১০১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই রাতে মুকন্দগাঁতী পশ্চিমপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে থেকে দ্বীপ আহম্মেদের কাছ থেকে ১১ পিস ইয়াবা জব্দ করা হয়। এছাড়া দৌলতপুর ইউনিয়নের আজুগড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে মমিনকে ২ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়।

একই দিনের আরেক অভিযানে মুকন্দগাঁতী দক্ষিণপাড়া এলাকা থেকে একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বিশ্ব দাস (২৭)কে গ্রেফতার করা হয়।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, গ্রেফতার তিনজন দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তিনি আরও জানান, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া ওয়ারেন্টভুক্ত আসামির বিরুদ্ধেও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

 

সিরাজগঞ্জ টাইমস/এমএস/সিই/