সব প্রস্তুতি সম্পন্নের পর আগের রাতে স্থগিত করা হয়েছে সিরাজগঞ্জ প্রেসক্লাবের ২৬ সেপ্টেম্বরের বার্ষিক সাধারণ সভা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টায় ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি জানান সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান। সেখানে অনিবার্য কারণ দেখিয়ে সভাটি স্থগিত করার কথা জানান তিনি।
এর আগে প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির বৈঠকে ২৬ সেপ্টেম্বর শনিবার বার্ষিক সাধারণ সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় প্রেসক্লাবের সার্বিক কার্যক্রম, সাংগঠনিক বিষয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিল। এ জন্য প্রেসক্লাবের সকল সদস্যকে সভায় উপস্থিত থাকার জন্য চিঠিও দেওয়া হয়েছিল।
তবে নির্ধারিত সভার আগের দিন অনিবার্য কারণ দেখিয়ে তা স্থগিত করা হয়। ফেসবুক স্ট্যাটাসে প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান বলেন, “অনিবার্য কারণবশত সিরাজগঞ্জ প্রেসক্লাবের ২৬ সেপ্টেম্বর শনিবারের বার্ষিক সাধারণ সভাটি স্থগিত করা হয়েছে। পরবর্তী তারিখ পরে জানানো হবে।”
এদিকে, সাধারণ সভা স্থগিতের কারণ নিয়ে প্রেসক্লাবের একাধিক সদস্যের সঙ্গে কথা বলে ভিন্ন তথ্য পাওয়া গেছে। তাদের দাবি, ২৬ সেপ্টেম্বরের সাধারণ সভা ঘিরে প্রেসক্লাবে যখন উৎসবের আমেজ বিরাজ করছিল, তখন আইনশৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়টি উল্লেখ করে প্রশাসনের পক্ষ থেকে সভাটি স্থগিতের প্রস্তাব দেওয়া হয়েছিল।
সদস্যরা জানান, এ নিয়ে একাধিকবার আলোচনার পর সাধারণ সভা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত বহাল রাখা হয়। কিন্তু শেষ পর্যন্ত সভার আগের রাতে প্রেসক্লাব সভাপতির ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তা স্থগিতের বিষয়টি জানান।
এই প্রসঙ্গে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সম্পাদক শরীফুল ইসলাম ইন্না সিরাজগঞ্জ টাইমসকে জানান, কার্যনির্বাহী কমিটির বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক সাধারণ সভার আয়োজন করা হয়েছিল। সুতরাং সাধারণ সভা স্থগিত করতে হলে কার্যনির্বাহী কমিটির বৈঠক ডেকে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু সেটি করা হয়নি।
সিরাজগঞ্জ টাইমস/সিই



