সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলুকে দল থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি। তাঁর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং পুনরায় সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। শনিবার (২৫ জুলাই) সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং বাবলুর ছেলে সুমনের সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাঁর সব দলীয় পদ স্থগিত করা হয়েছিল। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। তবে শর্ত ছিল, তিনি বা তাঁর ছেলে পুনরায় সন্ত্রাসী কার্যকলাপে জড়ালে তাঁর বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
জেলা বিএনপির দাবি, শর্ত ভঙ্গ করে গত এক মাস ধরে বাবলু ও তাঁর ছেলে এলাকায় ধারাবাহিকভাবে সন্ত্রাসী কার্যকলাপে জড়িত রয়েছেন। এ কারণে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তাঁর ছেলে সুমনের সঙ্গে দলের কোনো পর্যায়ের নেতা-কর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
সিরাজগঞ্জ টাইমস/কেএম/সিই









