সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মাহফুজ হাওলাদার (২৯) নামে এক বালুদস্যুকে ৫ লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ভূতের মোড় এলাকায় অভিযান চালিয়ে বালু উত্তোলনকারী বাল্কহেডসহ তাকে আটক করা হয়। পরে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত মাহফুজ হাওলাদার বরিশাল জেলার উজিরপুর উপজেলার মিজানুর রহমানের ছেলে। আদালত সূত্রে জানা যায়, উদ্ধারকৃত বালু তাৎক্ষণিক নিলামের মাধ্যমে ১০ হাজার ৬০০ টাকায় বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
চৌহালী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ উদ্দিন জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জরিমানা না দেওয়ায় তাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ইউএনও মো. মোস্তাফিজুর রহমান বলেন, যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।











