সিরাজগঞ্জের শাহজাদপুরে মাসিক পারিশ্রমিক চাওয়াকে কেন্দ্র করে শাহ মখদুম ছাত্রাবাসের এক রাঁধুনিকে মারধরের অভিযোগ উঠেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর বাজারে অবস্থিত শাহ মখদুম ছাত্রাবাসে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত শিক্ষার্থীর নাম ফেরদৌস রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং ওই ছাত্রাবাসের আবাসিক ছাত্র।
অভিযোগকারী রাঁধুনি ফেরদৌসী বেগম ও স্থানীয়দের ভাষ্য, পঞ্চাশোর্ধ্ব ফেরদৌসী দীর্ঘদিন ধরে ওই ছাত্রাবাসে রান্না করে শিক্ষার্থীদের খাবার পরিবেশন করে জীবিকা নির্বাহ করছেন। অভিযুক্ত শিক্ষার্থীর কাছে তার গত আগস্ট মাসের পারিশ্রমিক পাওনা ছিল।
চলতি মাসের ১১ তারিখে ওই পারিশ্রমিক পরিশোধের কথা থাকলেও নির্ধারিত সময়ে টাকা না দেওয়ায় মঙ্গলবার সকালে ফেরদৌসীর সঙ্গে শিক্ষার্থী ফেরদৌসের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পারিশ্রমিক চাইলে তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন ফেরদৌসী।
স্থানীয়দের দাবি, এ সময় তাকে লাঠি দিয়ে আঘাত করা হয়। এমনকি তার পরনের শাড়ি খুলে নেওয়ারও চেষ্টা করা হয়। এতে তিনি আহত হন বলে স্বজনরা জানান।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে ফেরদৌসীর স্বজন ও স্থানীয়রা শাহ মখদুম ছাত্রাবাসের সামনে অবস্থান নেন। পরে স্থানীয়রা অভিযুক্ত শিক্ষার্থীর শাস্তির দাবিতে সড়ক অবরোধ করেন। এতে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অভিযুক্ত শিক্ষার্থী ফেরদৌসকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
সিরাজগঞ্জ টাইমস/সিই/







