গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি, জ্বালানি সংকট এবং গ্রাহকদের ওপর চাপিয়ে দেওয়া অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে সিরাজগঞ্জে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্য। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টায় শহরের দরগা রোডে জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করেন সংগঠনটির নেতারা।

জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি প্রদান।- ছবি: সিরাজগঞ্জ টাইমস
এ সময় উপস্থিত ছিলেন ১১ দলীয় ঐক্যের জেলা সমন্বয়ক ও জেলা জামায়াতের সেক্রেটারি মো. জাহিদুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি মো. শহিদুল ইসলাম, সদর উপজেলা আমির অ্যাডভোকেট নাজিম উদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ সরকারসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
স্মারকলিপি প্রদান শেষে সংক্ষিপ্ত সমাবেশে জাহিদুল ইসলাম বলেন, বিদ্যুৎ বিলের নামে গ্রাহকদের কাছ থেকে মিটার চার্জ, ডিমান্ড চার্জসহ বিভিন্ন খাতে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ‘ভূতুড়ে বিল’, যা সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।
তিনি দাবি করেন, কয়েক মাস আগেও যে পরিবার এক হাজার টাকার বিদ্যুৎ বিল পরিশোধ করত, বর্তমানে একই পরিবারকে দুই থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত বিল দিতে হচ্ছে। অবিলম্বে গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রত্যাহার করে জনভোগান্তি লাঘবে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
সিরাজগঞ্জ টাইমস/সিই