ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সিরাজগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘যমুনা’র উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ১০২ থেকে ১০৫তম ব্যাচের শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করা হয়।
নবীনসংলাপ শীর্ষক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শহিদুল ইসলাম জাহিদ, একই বিভাগের অধ্যাপক ড. হাসিনা শেখ, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল নোমান, ক্যারিয়ার কনসালটেন্ট ও ডিসিএস এডু কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আনিসুর রহমান, সময় টিভির নিজস্ব প্রতিবেদক দ্বীন মোহাম্মাদ সাব্বির, সাংবাদিক ও ক্যারিয়ার কনসালটেন্ট নুরুন্নবী সিদ্দিক সুইন এবং ৪৫তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মো. মোস্তফা আলী।
অনুষ্ঠানে অতিথিরা নবীন শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের পরামর্শ দেন। একইসঙ্গে ক্যারিয়ার পরিকল্পনা এবং সামাজিক ও সহশিক্ষা কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান জানান তারা।
এসময় অধ্যাপক ড. শহিদুল ইসলাম জাহিদ বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সিরাজগঞ্জের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে কাজ করছে ‘যমুনা’। সিরাজগঞ্জের শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও শক্তিশালী করতে হবে। ঢাকায় অধ্যয়নরত জেলার অন্য শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতায় এগিয়ে আসতে হবে।”
অধ্যাপক ড. হাসিনা শেখ বলেন, “লেখাপড়ার পাশাপাশি নিজেদের দক্ষতা উন্নয়নেও শিক্ষার্থীদের মনোযোগী হতে হবে। বিভিন্ন ক্লাব, সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমে যুক্ত হয়ে নেতৃত্বের গুণাবলি ও যোগাযোগ দক্ষতা বাড়াতে হবে।”
অধ্যাপক ড. আব্দুল্লাহ আল নোমান বলেন, “নিজের শিকড় ও জেলার মানুষের প্রতি দায়বদ্ধতাকে মাথায় রেখে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। ভালো ফলাফলের পাশাপাশি সমাজ ও মানুষের জন্য কাজ করার মানসিকতা তৈরি করতে হবে।”
নবীনবরণ অনুষ্ঠানে আগামী এক বছরের জন্য ‘যমুনা’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে মোহসিন শাফিকে আহ্বায়ক এবং ফজলে রাব্বি সরকারকে সদস্যসচিব করা হয়েছে।
সিরাজগঞ্জ টাইমস/সিই