সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা-ইলিশ ধরার অপরাধে ১১ জেলেকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ কারেন্ট জাল, চারটি ইঞ্জিনচালিত নৌকা ও ইলিশ মাছ জব্দ করা হয়।
শুক্রবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার যমুনা নদীর চালুহারা, বড় চৌহালী ও বোয়ালকান্দি এলাকায় এ অভিযান চালায় উপজেলা প্রশাসন।
অভিযানে প্রায় ২ লাখ ২৫ হাজার মিটার কারেন্ট জাল, চারটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা এবং ৮ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয় এবং নিষিদ্ধ জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান আটককৃত প্রত্যেক জেলেকে ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন চৌহালীর মো. মজিদ (২৪), কাদের মিয়া (৫০), হাবিবউল্লাহ (২৮), আব্দুল কাফি (৪৫), মো. সোলায়মান (২০), মো. সাইদুল (৩৬), মো. হাফিজুর রহমান (৩৬), মো. হান্নান (৩৫), মো. শাহজালাল (২৬), মো. ইসমাইল (১৫) এবং টাঙ্গাইলের মো. ওহাব আলী (২৮)।
অভিযানে অংশ নেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তানভীর হাসান মজুমদার, চৌহালী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফিরোজ উদ্দিন এবং মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফি।
সিরাজগঞ্জ টাইমস/আইএইচএ/সিই











