প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার হলেন সিরাজগঞ্জের মোবাইদুল ইসলাম – Sirajganj Times

প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার হলেন সিরাজগঞ্জের মোবাইদুল ইসলাম

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসাইনমেন্ট অফিসার-৩ পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সিরাজগঞ্জে৷ জন্মনেয়া মো. মোবাইদুল ইসলাম। বুধবার (২২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।

উপসচিব মো. গোলাম রব্বানীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে মো. মোবাইদুল ইসলামকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসাইনমেন্ট অফিসার-৩ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে যেটি আগে ঘটবে, ততদিন পর্যন্ত এ নিয়োগ কার্যকর থাকবে। তিনি জাতীয় বেতন স্কেলের সর্বশেষ ধাপ অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য প্রযোজ্য সুযোগ-সুবিধা পাবেন। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।

মো. মোবাইদুল ইসলামের এ নিয়োগের খবরে সিরাজগঞ্জে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

সংশ্লিষ্টদের মতে, দেশের সর্বোচ্চ নির্বাহী দপ্তরের গুরুত্বপূর্ণ দায়িত্বে সিরাজগঞ্জে জন্ম নেয়া মোবাইদুলের অন্তর্ভুক্তি জেলার জন্য গৌরবের বিষয়। তারা তার নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেছেন।

সিরাজগঞ্জ টাইমস/সিই