কামারখন্দে এক রাতে দুই বাড়ি থেকে সাত গরু চুরি – Sirajganj Times

কামারখন্দে এক রাতে দুই বাড়ি থেকে সাত গরু চুরি

গোয়ালঘরের তালা ভেঙে নিয়ে যাওয়া হয় গবাদিপশু।- ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের কামারখন্দে একরাতে দুটি বাড়ির গোয়ালঘরের তালা ভেঙে সাতটি গরু চুরির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোররাতে উপজেলার জামতৈল ইউনিয়নের হালুয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে গরু ব্যবসায়ী মো. নাসির মণ্ডলের টিনের তৈরি গোয়ালঘরের তালা ভেঙে পাঁচটি ষাঁড় গরু চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। চুরি হওয়া গরুগুলোর মধ্যে দুটি লাল, দুটি ছাই রঙের এবং একটি সাদা রঙের ষাঁড় রয়েছে। খোয়া যাওয়া এসব গরুর আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা।

গরু ব্যবসায়ী নাসির মণ্ডল বলেন, রাতে গোয়ালঘরে গরু রেখে ঘুমিয়ে পড়েছিলেন। সকালে উঠে দেখেন গোয়ালঘরের তালা ভাঙা এবং ভেতরে কোনো গরু নেই।

এর কিছুক্ষণ পর একই গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও কৃষক মো. বজলুর রহমানের গোয়ালঘরের তালা ভেঙে একটি কালো গাভি ও একটি সাদা এঁড়ে বাছুর চুরি করা হয়। বজলুর রহমান জানান, গরু একটি নীল রঙের পিকআপে তোলার সময় তার ঘুম ভেঙে যায়। তিনি চিৎকার করলে তিন থেকে চারজনের একটি দল দ্রুত পিকআপটি নিয়ে পালিয়ে যায়।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলী বলেন, ঘটনাটি জানার পর পুলিশ তদন্ত শুরু করেছে। অপরাধী শনাক্ত এবং চুরি হওয়া গরু উদ্ধারে অভিযান চলছে। তবে এ বিষয়ে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

সিরাজগঞ্জ টাইমস/সিই