সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া কয়েকটি পোস্টকে ঘিরে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরের পর উপজেলার জটিবাড়ি গ্রামের একটি আমবাগান থেকে রাকিব প্রামাণিক (২২) নামে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের সোহরাব প্রামাণিকের ছেলে।
স্থানীয়দের দাবি, মৃত্যুর আগে রাকিব নিজের ফেসবুক আইডিতে কয়েকটি পোস্ট করেন। একটি পোস্টে তিনি নিজের অবস্থানের কথা উল্লেখ করে সবাইকে ক্ষমা চেয়ে মরদেহ ময়নাতদন্ত না করার অনুরোধ জানান। পোস্টটি দেখার পর স্থানীয়রা আমবাগানে গিয়ে একটি গাছের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।
অন্য একটি পোস্টে তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে এক তরুণীর সঙ্গে তার সম্পর্ক ছিল এবং ওই তরুণীর পরিবারের সিদ্ধান্তে অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। তিনি ওই পোস্টে কয়েকজনের নামও উল্লেখ করেন। তবে পোস্টে করা এসব দাবির সত্যতা তাৎক্ষণিক যাচাই করা সম্ভব হয়নি।
স্থানীয় বাসিন্দা নাসির উদ্দিন জানান, রাকিব স্থানীয় একটি বিদ্যালয়ে পড়ার সময় এক তরুণীর সঙ্গে তার পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠে বলে এলাকাবাসীর মধ্যে আলোচনা ছিল। পরে তিনি বিদেশে গেলেও বেশিদিন থাকতে পারেননি। সম্প্রতি ওই তরুণীর বিয়ের খবর পেয়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন বলে স্থানীয়দের ধারণা।
ওই তরুণীর এক স্বজন দাবি করেন, তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল কি না, সে বিষয়ে তার জানা নেই। রাকিবের মৃত্যুর খবরও তিনি ঘটনার দিনই জানতে পেরেছেন।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ময়নাতদন্তের প্রতিবেদনসহ অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সিরাজগঞ্জ টাইমস/সিই