নিজ বাসায় সোলার প্যানেল স্থাপন করলেন বিদ্যুৎমন্ত্রী – Sirajganj Times

নিজ বাসায় সোলার প্যানেল স্থাপন করলেন বিদ্যুৎমন্ত্রী

নিজের বাড়ি থেকেই নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারে দৃষ্টান্ত তৈরি করতে উদ্যোগী হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সিরাজগঞ্জ শহরের হোসেনপুর আল মাহমুদ এভিনিউয়ে নিজ বাসভবনে স্থাপন করেছেন ৪০ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা।

বিদ্যুৎমন্ত্রীর সহধর্মিনী ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ বলেন, দিনের বেলায় সূর্যের আলো কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন, জাতীয় গ্রিডের ওপর নির্ভরতা কমানো এবং বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ মানুষকে উৎসাহিত করতেই এ উদ্যোগ। মন্ত্রীর বাসায় সোলার প্যানেল স্থাপন সাধারণ মানুষের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে।

তিনি আশা করেন, এ উদ্যোগে উৎসাহিত হয়ে মানুষ নিজেদের বাড়িতেও সৌরবিদ্যুৎ স্থাপন করবে। এতে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি দেশেরও উপকার হবে। পরিবেশবান্ধব এ প্রযুক্তিতে সূর্যের আলো থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। বাড়ি কিংবা প্রতিষ্ঠানের ছাদে সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে প্রচলিত বিদ্যুতের ব্যবহার কমানোর সুযোগ রয়েছে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির প্রসার দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারেও সহায়ক হতে পারে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, মন্ত্রীর বাড়িতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের এ উদ্যোগ দেখে বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্পকারখানার মালিকরাও বিদ্যুৎ উৎপাদনে সৌরশক্তি ব্যবহারে আগ্রহী হবেন। বিশেষ করে দিনের বেলায় নিজস্ব বিদ্যুৎ উৎপাদন বাড়ানো গেলে জাতীয় গ্রিডের ওপর চাপ কমাতে ভূমিকা রাখতে পারে সৌরবিদ্যুৎ।

 

সিরাজগঞ্জ টাইমস/সিই