সিরাজগঞ্জের চৌহালী থেকে চোরাই ফার্নেস অয়েল (বিদ্যুৎ প্লান্টে ব্যবহারের তেল) উদ্ধার করেছে নৌ পুলিশ। শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের চর সলিমাবাদ এলাকায় অভিযান চালিয়ে এই চোরাই তেল উদ্ধার করা হয়। এছাড়াও চোরাই তেল পরিবহনের কাজে জড়িত একটি ব্লাকহেডও জব্দ করা হয়।
স্থানীয়রা জানান, গত দুদিন ধরে চরসলিমাবাদ (ভূতের মোড়) যমুনা নদীর ঘাটে একটি বাল্কহেড দেখে উৎসুক জনতা ভীড় করে। খবর পেয়ে শুক্রবার দুপুরের দিকে সেখানে অভিযান চালায় নৌ পুলিশ।
নৌ পুলিশের একটি সূত্র বলছে, মুন্সিগঞ্জ থেকে বেশ কয়েকদিন আগে সঙ্গবদ্ধ একটি ডাকাতচক্র বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ব্যবহারের জন্য ফার্নেস অয়েল পরিবহনকারী জাহাজ থেকে তেল চুরি করে। গোপন সংবাদে জানা যায়, বিপুল পরিমান চোরাই তেল নিয়ে একটি বালু পরিবহনের ব্লাকহেডে করে চৌহালী উপজেলার চরসলিমাবাদ যমুনা নদীর ঘাটে ভিড়েছে।
এদিকে শুক্রবার নারায়নগঞ্জ ও টাঙ্গাইল এবং চৌহালী থানা নৌ পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ৫ জনকে আটক ও ব্লাকহেড জব্দ করেছে। আটককৃতদের পরিচয় এবং উদ্ধারকৃত তেলের পরিমাণ জানা যায় নি।
অভিযানে থাকা নৌ পুলিশের কর্মকর্তারদের কাছে এ বিষয়ে জানতে একাধিকবার চেষ্টা করলে বিস্তারিত তথ্য জানাতে অপারগতা প্রকাশ করে তারা বলেন, নৌ পুলিশের প্রধান কার্যালয় থেকে প্রেস ব্রিফিং করা জানানো হবে।











