চৌহালীতে সচেতন ছাত্র সমাজের নতুন কমিটি – Sirajganj Times

চৌহালীতে সচেতন ছাত্র সমাজের নতুন কমিটি

সচেতন ছাত্র সমাজের সভাপতি বুয়েটের ইসমাইল ও সাধারণ সম্পাদক ঢাবির বাপ্পী। -ছবি: সিরাজগঞ্জ টাইমস

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বৃহত্তম স্বেচ্ছাসেবী সংগঠন ‘সচেতন ছাত্র সমাজ (সিএসএস)’–এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে এক বছরের জন্য ১৪ সদস্যের আংশিক কমিটির অনুমোদন দেন সংগঠনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ নয়ন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের শিক্ষার্থী মো. ইসমাইল হোসেন সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মো. রাকিবুল হাসান বাপ্পী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

২০১৫ সালের ২৬ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত এই অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে শিক্ষাবৃত্তি, বিজ্ঞান ও গণিত অলিম্পিয়াড, বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়তা, বিনামূল্যে একাডেমিক ক্লাস, স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন এবং রক্তদান কর্মসূচির মতো বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন বুটেক্সের ইমরান হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আশিকুর রহমান রানা, চৌহালী সরকারি কলেজের সাইদুল ইসলাম ও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের পিয়ারুল ইসলাম।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আইইউবিটির মেহেদী হাসান সায়মন, পাবনা মেডিকেলের মুছা মিয়া, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের আসাদুল ইসলাম, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নাহিদ হোসেন, সিটি ইউনিভার্সিটির নুরুল ইসলাম এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের জোনায়েদ ইসলাম পলক।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন—জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হাবিব মুহিন ও আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাসেল রানা।

কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

সভাপতি ইসমাইল হোসেন বলেন, “চৌহালী একটি দুর্গম উপজেলা। এখানকার উন্নয়নের মূল চাবিকাঠি শিক্ষা। আমরা শিক্ষার্থীদের মেধা বিকাশে কাজ করবো।”

উপদেষ্টা ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ নয়ন বলেন, “সিএসএসের মাধ্যমে একঝাঁক মেধাবী ছাত্রকে সমাজসেবামূলক কাজে সংগঠিত করতে পেরেছি। আশা করছি, এরাই আলোকিত চৌহালী গড়বে।”