ইউপি নির্বাচন: চৌহালীতে ভোটের মাঠে আলোচনায় একঝাঁক তরুণ প্রার্থী – Sirajganj Times

ইউপি নির্বাচন: চৌহালীতে ভোটের মাঠে আলোচনায় একঝাঁক তরুণ প্রার্থী

চৌহালীতে ভোটের মাঠে আলোচনায় একঝাঁক তরুণ প্রার্থী। -ছবি: সিরাজগঞ্জ টাইমস

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় তরুণ প্রার্থীদের অংশগ্রহণ ও নির্বাচনী তৎপরতা বেড়েছে। এ্ররইমধ্যে গণসংযোগ, মতবিনিময় ও প্রচারণা শুরু করেছেন বিভিন্ন ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা। এতে স্থানীয় ভোটারদের মধ্যেও নির্বাচনকে ঘিরে আলোচনা ও আগ্রহ বেড়েছে।

উপজেলার ৫ নং খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন উপজেলা যুবদলের সভাপতি আরমান হোসেন হাবিব। দীর্ঘদিন ধরে তিনি দলীয় রাজনীতি ও বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় রয়েছেন। স্থানীয় উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনবান্ধব ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে তিনি নির্বাচনী মাঠে কাজ শুরু করেছেন।

৩ নং ঘোড়জান ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জায়েদ আহমেদ। স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় এই নেতা বিভিন্ন সময় দলীয় কর্মসূচি বাস্তবায়ন এবং সামাজিক উদ্যোগে সম্পৃক্ত ছিলেন। এলাকাবাসীর সঙ্গে নিয়মিত যোগাযোগও বজায় রাখছেন তিনি।

৭ নম্বর বাঘুটিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রস্তুতি নিচ্ছেন তরূণ সাংবাদিক আল ইমরান মনু। দীর্ঘদিন ধরে যমুনা নদীর ভাঙন, অবকাঠামোগত সংকট ও জনদুর্ভোগের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করার মাধ্যমে তিনি স্থানীয়ভাবে পরিচিতি পেয়েছেন। নদীভাঙন রোধে মানববন্ধন, সংশ্লিষ্ট সরকারি দপ্তরে আবেদন এবং চৌহালী উপজেলাকে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের পরিবর্তে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের আওতায় আনার দাবিতে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। পাশাপাশি ভাঙাচোরা সড়ক সংস্কার, বর্ষাকালে অস্থায়ী বাঁশের সাঁকো নির্মাণসহ বিভিন্ন সামাজিক উদ্যোগেও অংশ নিয়েছেন।

অন্যদিকে ঘোড়জান ইউনিয়নে তরুণ প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন মিডিয়া ব্যক্তিত্ব রাসেল সরকার। তার পরিবার থেকে অতীতে এই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার ইতিহাস রয়েছে। পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য এবং ব্যক্তিগত যোগাযোগকে কাজে লাগিয়ে তিনি ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তরুণ প্রার্থীদের সক্রিয় অংশগ্রহণ নির্বাচনী পরিবেশে নতুন মাত্রা যোগ করেছে। তবে শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন, স্থানীয় রাজনৈতিক সমীকরণ এবং ভোটারদের রায়ই নির্ধারণ করবে কার হাতে যাবে ইউনিয়নের নেতৃত্ব।

 

সিরাজগঞ্জ টাইমস/আইএইচএ/সিই