বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে চৌহালীতে র‍্যালি ও আলোচনা সভা – Sirajganj Times

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে চৌহালীতে র‍্যালি ও আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের চৌহালীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি মো. জাহিদ মোল্লা এবং প্রধান বক্তা ছিলেন সদ্য সাবেক সাধারণ সম্পাদক কারি ময়নুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামিম মোল্লা, আলমগীর হোসেন টাইগার, ইসমাইল হোসেন জবিউল্লাহ, সাবেক ছাত্র নেতা মির্জা শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি আরমান হোসেন হাবিব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল কাদের মোল্লা ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাব্বির হোসেন মোল্লা প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে গণতন্ত্রের মুক্তির জন্য বিএনপি যে আন্দোলন চালিয়ে এসেছে তা সফল হয়েছে। এখন অন্তর্বর্তী সরকারের অধীনে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, তার মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে।

তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা কর্মসূচির মাধ্যমে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।