শাহজাদপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার – Sirajganj Times

শাহজাদপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মোয়াখোলা গ্রামে হুরা সাগর নদীর পাড় থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে আসাদুল ইসলাম নামের এক ব্যক্তি কচু কাটতে গিয়ে নদীর পাড়ে এক অজ্ঞাত মানুষকে চিৎকার করতে দেখেন। কিছুক্ষণের মধ্যেই ওই ব্যক্তি পানিতে তলিয়ে যান। পরে আসাদুল ও তার সঙ্গে থাকা আরও দুজন খোঁজাখুঁজি করে পানির ভেতর থেকে মরদেহটি উদ্ধার করেন। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর। মৃত্যুর কারণ উদঘাটনে মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিরাজগঞ্জ টাইমস/সিই