সিরাজগঞ্জে এনসিপির জেলা সমন্বয় কমিটিতে দুই ডজন বিএনপি-গণঅধিকার নেতা – Sirajganj Times

সিরাজগঞ্জে এনসিপির জেলা সমন্বয় কমিটিতে দুই ডজন বিএনপি-গণঅধিকার নেতা

মো. ইউনুস শিকদার ও মাহফুজা খানম। - ছবি: সিরাজগঞ্জ টাইমস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিরাজগঞ্জ জেলা সমন্বয় কমিটির অনুমোদন দিয়েছে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। ৮৬ সদস্যবিশিষ্ট এই কমিটিতে বিএনপি ও গণঅধিকার পরিষদের প্রায় দুই ডজন সাবেক নেতাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) গভীর রাতে এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এই জেলা সমন্বয় কমিটির অনুমোদন দেন।

অনুমোদিত কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ইউনুস শিকদার। প্রথম যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে চৌহালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাহফুজা খানমকে।

এছাড়া সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন চৌহালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সরকার, সাবেক সহ-সভাপতি মাওলানা মোজহারুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন, সাবেক সদস্য শাহিন মিয়া, এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল ইসলাম, খাষকাউলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শহিদুর রহমান, বিএনপি নেতা আকবর আলী, নজরুল ইসলাম ও আহসান হাবীব দুলাল।

এনসিপির এই কমিটিতে গণঅধিকার পরিষদের একাধিক সাবেক নেতাও স্থান পেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন এনায়েতপুর থানা গণঅধিকার পরিষদের সাবেক সদস্য সচিব মো. মাসুম শেখ, সাবেক আহ্বায়ক আলমাস সরকার, সাবেক যুগ্ম আহ্বায়ক হাসান বিশ্বাস, সাবেক যুগ্ম সদস্য সচিব মো. হাফিজুল সিকদার, সুমন সরকার, ডা. আশরাফুল ইসলাম, জেলা যুব অধিকার পরিষদের নেতা আনসার আলী, ছাত্র অধিকার পরিষদের নেতা মো. রিফাত সরকার ও ইয়াকুব আলী শেখ।

এনসিপিতে যোগদান প্রসঙ্গে সদ্য দায়িত্ব পাওয়া প্রধান সমন্বয়কারী মো. ইউনুস শিকদার বলেন, বিএনপির সাবেক নেতা মেজর (অব.) মনজুর কাদের এনসিপিতে যোগ দিয়েছেন। তার নেতৃত্বে এলাকার উন্নয়নের স্বার্থে তারা এনসিপিতে যুক্ত হয়েছেন।

এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার বলেন, এক মাসের জন্য সিরাজগঞ্জ জেলা সমন্বয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যেই একটি পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হবে। তিনি বলেন, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত নতুন রাজনৈতিক ধারার লক্ষ্যেই এনসিপির যাত্রা শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে আগ্রহীরা এনসিপিতে যোগ দিচ্ছেন।

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, যারা এনসিপিতে যোগ দিয়েছেন তারা ৭ জানুয়ারির নির্বাচনে সহযোগিতার অভিযোগে আগে থেকেই বহিস্কৃত ছিলেন। এ বিষয়ে তার কোনো মন্তব্য নেই।

সিরাজগঞ্জ টাইমস/আইএইচএ/সিই