জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মাহফুজা খাতুন দল থেকে পদত্যাগ করেছেন। তিনি চৌহালী উপজেলা বিএনপির বহিষ্কৃত আহ্বায়ক এবং চৌহালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
গেল ২৪ ডিসেম্বর এনসিপির সিরাজগঞ্জ জেলা কমিটির প্রধান সমন্বয়কারীর কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। তবে বিষয়টি এতদিন গোপন থাকলেও রোববার (৪ জানুয়ারি) তা প্রকাশ্যে আসে।
এর আগে গত ১৭ ডিসেম্বর এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ৮৬ সদস্যবিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দেন। ওই কমিটিতে শুরু থেকেই বিএনপি ও গণঅধিকার পরিষদের সাবেক অন্তত দুই ডজন নেতাকে অন্তর্ভুক্ত করা হয়।
পদত্যাগের বিষয়ে মাহফুজা খাতুন বলেন, “আমাকে না জানিয়েই এনসিপিতে একটি পদ দেওয়া হয়েছিল। বিষয়টি জানার পর আমি মর্মাহত হই। আমি বিএনপিতে ছিলাম, আছি এবং থাকবো।”
বিএনপি থেকে বহিষ্কারের বিষয়ে তিনি বলেন, “অবৈধভাবে আমাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। তারপরও যতদিন বেঁচে আছি, নিঃস্বার্থভাবে বিএনপির পতাকাতলে নিজেকে আবদ্ধ রাখতে চাই।”
এদিকে জেলা কমিটি প্রকাশের পরপরই আরও একাধিক নেতা তাৎক্ষণিকভাবে পদত্যাগ করেন। পাশাপাশি না জানিয়ে কমিটিতে নাম অন্তর্ভুক্ত করায় তারা প্রতিবাদ জানান।
সিরাজগঞ্জ টাইমস/সিই







