রায়গঞ্জ ও উল্লাপাড়ায় সাত ইটভাটাকে ১১ লাখ টাকা জরিমানা – Sirajganj Times

রায়গঞ্জ ও উল্লাপাড়ায় সাত ইটভাটাকে ১১ লাখ টাকা জরিমানা

রায়গঞ্জ ও উল্লাপাড়ায় সাত ইটভাটাকে ১১লাখ টাকা জরিমানা, গুড়িয়ে দেয়া হলো চিমনি। ছবি: সিরাজগঞ্জ টাইমস

সিরাজগঞ্জের উল্লাপাড়া ও রায়গঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাতটি ইটভাটাকে মোট ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে রায়গঞ্জের ভূইয়াগাঁতী এলাকায় অবস্থিত মেসার্স এস অ্যান্ড বি নামের একটি ইটভাটার চিমনি সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এ অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী বিভিন্ন ধারায় এসব ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের বগুড়া বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলুফা ইয়াসমিন।

ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা জানায়, উল্লাপাড়া উপজেলার পাঁচলিয়া গ্রামের মেসার্স নয়ন ব্রিকসকে ২ লাখ টাকা, হাটিকুমরুল এলাকার মেসার্স যমুনা ব্রিকসকে ৩ লাখ টাকা, ধোপাকান্দি এলাকার মেসার্স শাপলা ব্রিকসকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, রায়গঞ্জ উপজেলার দত্তকুশা গ্রামের মেসার্স তন্ময় ব্রিকসকে ৩ লাখ টাকা, ঘুড়কা এলাকার মেসার্স উজ্জ্বল ব্রিকসকে ৫০ হাজার টাকা এবং মেসার্স কেয়া ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক শাহিন আলমসহ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ টাইমস/সিই/