দীর্ঘ প্রায় দেড় যুগের নির্বাসন শেষে দেশে ফেরার পর প্রথমবারের মতো ঢাকার বাইরে সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান । এ সফরের অংশ হিসেবে আগামী রোববার (১১ জানুয়ারি) সিরাজগঞ্জে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান । এদিন সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন তিনি। বিএনপির চেয়ারাপার্সন কার্যালয় প্রকাশিত এক সফরসূচিতে বিষয়টি নিশ্চিত করেছে।
দলীয় সূত্র জানায়, ১১ জানুয়ারি তিনি ঢাকা থেকে সড়কপথে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ হয়ে বগুড়ার উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান। সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বিসিক শিল্পপার্ক এলাকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেওয়ার কথা রয়েছে তার। এ কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ উপস্থিত থাকবেন।
বিএনপি মিডিয়া সেল জানায়, সিরাজগঞ্জে কর্মসূচি শেষে তারেক রহমান সন্ধ্যার দিকে বগুড়ায় পৌঁছাবেন এবং সেখানে রাত্রিযাপন করবেন তিনি। পরদিন সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেলা বিএনপি আয়োজিত গণদোয়ায় অংশ নেবেন।
দোয়া শেষে তারেক রহমান শহরের সাতমাথা, তিনমাথা ও মাটিডালি হয়ে মহাস্থানগড়ে হজরত শাহ সুলতান বলখী মাহী সাওয়ার (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর তিনি রংপুরের উদ্দেশে রওনা দেবেন। রংপুরে তিনি জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন।
তিনি আরও জানান, দীর্ঘদিন পর নেতার সফরকে ঘিরে গণসংবর্ধনাসহ বিভিন্ন কর্মসূচির চিন্তা করা হলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসনের প্রার্থী হওয়ায় নির্বাচনি আচরণবিধি বিবেচনায় এসব কর্মসূচি থেকে বিরত থাকা হয়েছে।
উল্লেখ্য, তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর বগুড়ায় সফর করেছিলেন। প্রায় ১৯ বছর পর তার এই সফরকে ঘিরে সিরাজগঞ্জ ও বগুড়াসহ উত্তরাঞ্চলের বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
সিরাজগঞ্জ টাইমস/সিই







