ট্রাফিক পুলিশের অভিযানে সিরাজগঞ্জে এক মাসে ৩০ লাখ টাকা জরিমানা আদায়  – Sirajganj Times

ট্রাফিক পুলিশের অভিযানে সিরাজগঞ্জে এক মাসে ৩০ লাখ টাকা জরিমানা আদায় 

সিরাজগঞ্জে এক মাসে ৩০ লাখ টাকা জরিমানা আদায় করলো ট্রাফিক বিভাগ।- ছবি: প্রতিবেদক

সিরাজগঞ্জে ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়নের ফলে এক মাসেই ৩০ লাখ টাকার বেশি জরিমানা আদায় করে রেকর্ড গড়েছে জেলা পুলিশের ট্রাফিক বিভাগ। গেল ডিসেম্বর মাসে ট্রাফিক আইন লঙ্ঘন, রেজিস্ট্রেশন ও বৈধ কাগজপত্র ছাড়া যানবাহন চলাচলের দায়ে এই বিপুল অঙ্কের রাজস্ব আদায় করা হয়।

সিরাজগঞ্জ ট্রাফিক অফিস সূত্র জানায়, ডিসেম্বর মাসে রেজিস্ট্রেশন ও বৈধ কাগজপত্রবিহীন মোটরসাইকেল, বাস, ট্রাক ও সিএনজিসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে অনলাইনে মোট ৫৭৫টি মামলা করা হয়। এসব মামলার বিপরীতে ইউএস ক্যাশের মাধ্যমে অনলাইনে আদায় হয় ৩০ লাখ ২ হাজার ৫০০ টাকা, যা জেলা ট্রাফিক অফিসের ইতিহাসে সর্বোচ্চ।

সিরাজগঞ্জ ট্রাফিক অফিসের পরিদর্শক মোফাকখারুল ইসলাম জানান, ওই মাসে রেজিস্ট্রেশনবিহীন ৭২টি মোটরসাইকেল আটক করা হয়। পরবর্তীতে মালিকরা বিআরটিএ অফিসে জরিমানার টাকা জমা দিলে মোটরসাইকেলগুলো ছেড়ে দেওয়া হয়। এতে প্রতিটি মোটরসাইকেল থেকে ন্যূনতম ১৫ হাজার টাকা করে রাজস্ব আদায় হয়।

তিনি আরও জানান, একই অপরাধে সিরাজগঞ্জ সদর থানাসহ জেলার বিভিন্ন থানা হেফাজতে বর্তমানে অন্তত ৯০টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আটক রয়েছে।

এ বিষয়ে সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, রেজিস্ট্রেশনবিহীন ও বেআইনিভাবে চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ট্রাফিক আইনের নিয়মিত কার্যক্রম। জনসচেতনতা বৃদ্ধি ও সড়কে শৃঙ্খলা ফেরাতে এই অভিযান অব্যাহত থাকবে।

সিরাজগঞ্জ টাইমস/এসএস/সিই