কামারখন্দে ইজিবাইক চালক হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড – Sirajganj Times

কামারখন্দে ইজিবাইক চালক হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড

কামারখন্দে ইজিবাইক চালক হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড। - ছবি: সিরাজগঞ্জ টাইমস

সিরাজগঞ্জের কামারখন্দে ইজিবাইক চালক মানিক হোসেন (২৪) হত্যার দায়ে তিনজনকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া উত্তরপাড়া গ্রামের মৃত বাবু শেখের ছেলে মো. খোকন শেখ, একই এলাকার ছামাদ শেখের ছেলে মো. সাদ্দাম শেখ এবং মো. আব্দুল আলী আরিফের ছেলে মো. রাব্বি ওরফে হাবিব শেখ।

নিহত মানিক হোসেন সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে। মামলার অভিযোগপত্র সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২১ নভেম্বর বিকেলে ভাড়ায় চালানোর উদ্দেশে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন মানিক হোসেন। এরপর রাতে তিনি আর বাড়ি ফেরেননি। রাত ১০টার দিকে তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

পরদিন সকাল আনুমানিক ৮টার দিকে পরিবারের লোকজন জানতে পারেন, পাশ্ববর্তী কামারখন্দ থানার ঝাঁইল উত্তরপাড়া গ্রামের একটি বেতবাগানে গলাকাটা অবস্থায় একটি লাশ পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে তারা রাস্তার পাশে পড়ে থাকা মানিক হোসেনের মরদেহ শনাক্ত করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের মা মোছা. হাফিজা খাতুন অজ্ঞাতনামা আসামি করে কামারখন্দ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় তিনজনকে শনাক্ত করে পুলিশ। পরে আসামি মো. খোকন শেখ, মো. সাদ্দাম শেখ ও মো. রাব্বি ওরফে হাবিব শেখকে গ্রেপ্তার করা হয়। খোকন শেখের দেখানো ও শনাক্ত মতে ইজিবাইক উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

মামলার তদন্ত শেষে গ্রেপ্তারকৃত তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আজ তাদের আমৃত্যু সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সিরাজগঞ্জ টাইমস/সিই