শাহজাদপুরে পরিবহন ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে দশজন আহত – Sirajganj Times

শাহজাদপুরে পরিবহন ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে দশজন আহত

শাহজাদপুরে পরিবহন ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ। - ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুরে পরিবহন ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বিএনপির তিন নেতাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) রাত ৮টার দিকে শাহজাদপুর পৌর সদরের বিসিক বাসস্ট্যান্ড এলাকার নবীনবরণ পরিবহনের কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনার পর রাতভর দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিসিক বাসস্ট্যান্ড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় ক্ষতিগ্রস্তরা শাহজাদপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

নবীনবরণ পরিবহনের স্বত্বাধিকারী হাজী আইয়ুব আলী এবং প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বে শাহজাদপুরের পরিবহন ব্যবসা নিয়ন্ত্রণ করতেন আওয়ামী লীগ সমর্থিত ও হাসিব পরিবহনের স্বত্বাধিকারী হারুনর রশীদ। অভিযোগ রয়েছে, তিনি মোটর মালিক সমিতির নিয়মনীতি উপেক্ষা করে দীর্ঘদিন ধরে এককভাবে বিভিন্ন রুটে গাড়ি পরিচালনা করে আসছেন। সাম্প্রতিক সময়ে মোটর মালিক সমিতিকে না জানিয়ে শাহজাদপুর থেকে যশোর রুটে নতুন একটি গাড়ি চালু করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে মোটর মালিক সমিতি ও স্থানীয় পরিবহন ব্যবসায়ীরা প্রতিবাদ জানালে ক্ষুব্ধ হয়ে হারুনর রশীদ ও তার সহযোগীরা নবীনবরণ পরিবহনের কাউন্টারে হামলা চালায় বলে অভিযোগ করেন তারা।

এ ঘটনায় শাহজাদপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুস সালাম, একই ওয়ার্ড বিএনপির সদস্য মো. সাদ্দাম হোসেন, পৌর যুবদলের সদস্য মো. মিঠুন, মো. মোয়াল্লেমসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে হাসিব পরিবহনের স্বত্বাধিকারী হারুনর রশীদ অভিযোগ অস্বীকার করে বলেন, যশোর রুটে গাড়ি চালু করতে নবীনবরণ পরিবহনের স্বত্বাধিকারী হাজী আইয়ুব আলী ও তার সহযোগীরা তার কাছে সাত লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা তার লোকজনের ওপর হামলা চালানো হয়, যার জেরে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ বিষয়ে শাহজাদপুর থানার সেকেন্ড অফিসার মো. মাহবুব বলেন, দীর্ঘদিনের বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সিরাজগঞ্জ টাইমস/সিই