তাড়াশে স্ত্রী হত্যার এক যুগ পর স্বামী গ্রেপ্তার – Sirajganj Times

তাড়াশে স্ত্রী হত্যার এক যুগ পর স্বামী গ্রেপ্তার

তাড়াশে স্ত্রী হত্যার এক যুগ পর স্বামী গ্রেপ্তার। -ছবি: প্রতিবেদক

সিরাজগঞ্জের তাড়াশে স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মানিক মিয়া (৪৫) কে এক যুগ পর গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের বাসন থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়,  শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে সিরাজগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের গাবরগাড়ি গ্রামের বাসিন্দা ছহির উদ্দিনের ছেলে মানিক মিয়া ২০০8 সালে বিয়ের মাত্র তিন দিনের মাথায় তার নববধূ স্ত্রী মালিহা খাতুন (২০)কে হত্যা করে পালিয়ে যান। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৪ সালে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।

উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান শাকিল জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় একটি বিশেষ দল গঠন করে গোপন সংবাদের ভিত্তিতে মানিক মিয়াকে গাজীপুরের বাসন থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।